তানোরে তেল আসার খবরে পাম্পে যানবাহন চালকদের লম্বা লাইন

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৬:৫৭ পিএম
তানোরে তেল আসার খবরে পাম্পে যানবাহন চালকদের লম্বা লাইন
রাজশাহীর তানোরে বৃহস্পতিবার বিকেলে মুন্ডুমালা ‘শাহীন ফিলিং স্টেশনে’ পেট্রোল, অকটেন ও ডিজেল আসার খবর পায় বিভিন্ন যানবাহন চালকরা। এজন্য আগের দিন থেকেই পাম্পগুলোর সামনে মোটরসাইকেল নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে জড় হতে শুরু করেছেন তারা। এতে রাস্তাগুলোতে যানজটসহ ভোগান্তি চরমে পৌঁছেছে। কিন্তু পাম্প কর্তৃপক্ষ রাস্তায় যানজট নিরসন ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় তানোর উপজেলার ৪টি পাম্পে প্রায় ২০দিন ধরে পেট্রোল, অকটেন ও ডিজেল সংকট তৈরি হয়েছে। সংকট ব্যাপারে পাম্প মালিকরা বলছেন, আগে গাড়ি ভর্তি তেল (সাড়ে ১৩ হাজার লিটার) পেতাম। এখন ডিজেল পাওয়া যাচ্ছে ৪ থেকে ৫ হাজার লিটার। আর পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে মাত্র ৪ হাজার লিটার। জ্বালানি আনতে (বহনে) গাড়ির খরচ ঠিকই হচ্ছে। কিন্তু এসব জ্বালানি কম আসছে যা চাহিদার তুলনায় অনেক কম। মূলত কাশিমবাজার পাম্পে পেট্রোল ও অকটেন মিলছে না। ফলে সিরিয়াল নিয়ে অধৈর্য হয়ে উভয়ের মধ্যে ঘটছে প্রতিনিয়ত মারপিটের ঘটনা। ‎ বৃৃহস্পতিবার বিকেলে মুন্ডুমালা শাহীন ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন শাতাধিক চালকরা। এসময় কথা হয়, পাম্পের ম্যানেজার তারেক রহমানের সাথে। তিনি বলেন, তেল নিতে গাড়ি পাঠানো হয়েছে, আসতে অনেক রাত হবে। শুক্রবার সকাল ৮টার পর থেকে তেল দেয়া হবে এমন খবরে বৃহস্পতিবার বিকেল থেকেই মোটরসাইকেল চালকরা লাইনে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। ‎ মোটরসাইকেল নিয়ে লাইনে দাঁড়ানো মাসুদ রানা নামের এক এনজিও কর্মী বলেন, মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় ফিন্ডে যেতে পারছিনা এবং অফিসের কাজের জন্য পাম্পের লাইনেও দাড়ানো সম্ভব হয়ে উঠেনি। শুক্রবার ছুটির দিনে তেল দিবে এমন খবর শুনে মোটরসাইকেল নিয়ে লাইনে রাখলাম। ওই লাইনে মোটরসাইকেল রাখা আরেক চালক নাজিমুদ্দীন বলেন, মোটরসাইকেলের তেল না থাকায় গাড়ি বন্ধছিলো। তেল দিবে শুনে আজই লাইনে দাঁড়ালাম। আমরা যারা সহজ সরল দূর্বল প্রকৃতির মানুষ তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছিনা। তিনি সরকারের কাছে তেলের বরাদ্ধ বাড়ানোর পাশাপাশি যারা মজুদ করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ‎ ‎ ‎এবিষয়ে শাহীন ফিলিং স্টেশনের পরিচালক মোজাম্মেল হক বলেন, তেল আসার পর ট্যাগ অফিসারের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী তেল বিক্রি করা হবে। এখানে কোন অনিয়ম হবার সুযোগ নেই। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান বলেন, তানোরে ৪টি পাম্প রয়েছে। এসব পাম্পে তেল আসার পর সুষ্ঠভাবে বন্টনের জন্য ৪ জন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে। 
আপনার জেলার সংবাদ পড়তে