মুলাদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ১০ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ পিএম | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ পিএম
মুলাদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালের মুলাদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আবু হুরায়রা (৪) নামের এক শিশু ও মো. রেজাউল করিম (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবাবের হাট লঞ্চঘাট এলাকায় এবং বিকেল পৌনে ৫টার দিকে চরলক্ষ্ণীপুর বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু হুরায়রা চরলক্ষ্ণীপুর নবাবেরহাট এলাকার মো. যিয়ারত সিকদারের একমাত্র ছেলে এবং রেজাউল করিম একই গ্রামের সুলতান সরদারের ছেলে। নবাবেরহাট এলাকার বাসিন্দা মো. নবীন হোসেন জানান, শিশু আবু হুরায়রা বাড়ির সামনে রাস্তায় একা খেলতে ছিল। সন্ধ্যা ৬টার দিকে একটি লাঠি মারতে গিয়ে মুলাদী থেকে নন্দীরবাজার গামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে সে ছিটকে পরে আহত হয়। পরে অটোরিকশা চালক ইব্রাহীম যাত্রী নামিয়ে শিশুটিকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরলক্ষ্ণীপুর গ্রামের আলমগীর হোসেন জানান, রেজাউল ইট পরিবহণের টমটমে সহকারী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার ইট নিয়ে বাংলাবাজার এলাকায় যাওয়ার সময় একটি মোড়ে টমটমটি উল্টে রাস্তায় পড়ে যায়। এসময় চালক মাসুম ও সহকারী রেজাউল মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে রেজাউল করিম মারা যান। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী বলেন, অটোরিকশার ধাক্কায় এক শিশু এবং ইট পরিবহণের গাড়ী উল্টে এক যুবক নিহত হয়েছেন। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে