ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, জেল-জরিমানা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৬:১১ পিএম
ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, জেল-জরিমানা

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদের পাড় থেকে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পল্টুনে খননযন্ত্র (ভেকু) তুলে নদের পাড় থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে একটি চক্র। তারা দীর্ঘদিন ধরে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের মিয়ারচর এলাকা থেকে ফসলি জমির মাটি নিয়ে গৌরনদী ও ঢাকার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা অভিযান চালিয়ে সবুজ খলিফা (৫৫) নামের একজনকে আটক করেন। পরে বুধবার রাত ৯টার দিকে ভ্রাম্যমান আদালতে তাকে ৫ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সবুজ খলিফা গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোসলেম খলিফার ছেলে। মিয়ারচর গ্রামের মো. জালাল ভূইয়া জানান, গৌরনদী ও বাবুগঞ্জের একটি চক্র প্রায় ৪ মাস ধরে মিয়ারচর এলাকায় আড়িয়ালখা নদের পাড় থেকে খননযন্ত্র (ভেকু) দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছিলেন। ওই চক্রটি মিয়ারচর এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। তারা এক মালিকের কাছ থেকে মাটি কেনার নাম করে পার্শ্ববর্তী জমির মাটি কেটে নেন। তাদের বাধা দিলে হত্যাসহ এলাকা ছাড়া করার ভয় দেখান। পরে মাটি কাটা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়। জমি মালিক মো. খলিলুর রহমান সিকদার বলেন, প্রভাবশালী চক্রটি বড় পল্টুনে ২টি খননযন্ত্র তুলে আড়িয়াল খাঁ নদের পাড় থেকে মাটি কাটেন। এছাড়া একটি বড় খনন যন্ত্র দিয়ে নদের পাড় থেকে মাটি কেটে ট্রলারে মাটি নিয়ে ইটভাটায় বিক্রি করেন। এতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে এবং নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে।  সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা জানান, স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বুধবার বিকেলে মিয়ারচর এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় সবুজ খলিফা নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, নদ-নদীর পাড় থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহ কর অবৈধ। নদী ও ফসলি জমি রক্ষায় অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে