স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ১১:১৪ এএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ১১:১৪ এএম
স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসা শিক্ষিকা স্ত্রী ও তার সন্তানরা। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলার ভাইয়ের বাসায় এ সংবাদ সম্মেলন করেছেন বড়কোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষিকা শারমিন আক্তার নিপা। এ সময় তার দুই ছেলে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শারমিন আক্তার নিপা অভিযোগ করে বলেন, তার স্বামী মোহাম্মদ শাজাহান হাওলাদার সুমন (৪৪) গত ৬ এপ্রিল সোমবার ঢাকার দক্ষিনখান এলাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান। ঘটনার দিন বেলা ১১টার দিকে তিনি ছোট ছেলে হামীম হোসাইন সানমুনকে নিয়ে শিক্ষা কার্যক্রম শেষে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে ঢ়ুকে স্বামীকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পরে আছেন। কপালে হাত দিলে ঠান্ডা অনুভূত হয়। পরে প্রতিবেশীরা এসে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার অনুরোধ করা হলেও স্থানীয়রা তাতে রাজি হননি এবং দ্রুত গোসল ও জানাজার ব্যবস্থা করেন। বিষয়টি তিনি শাশুড়িকে জানালে তারা মরদেহ বাড়িতে নিয়ে আসার কথা বলেন। পরে মরদেহ বাড়িতে আনার পর শাশুড়ি ও ননদের পক্ষ থেকে তার ও সন্তানদের ওপর হামলা চালানো হয় এবং মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করা হয়। শারমিন বলেন, তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, তার স্বামী দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পরেন। এনিয়ে পারিবারিক বিরোধও ছিল। তার অভিযোগ তার অনুপস্থিতির সুযোগে স্বামীর মাদকসেবী বন্ধুদের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে। তাই তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে