“জাতীয় গণমাধ্যম সপ্তাহ”র রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১২ এপ্রিল স্মারকলিপি পেশ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ এএম
“জাতীয় গণমাধ্যম সপ্তাহ”র রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১২ এপ্রিল স্মারকলিপি পেশ

“জাতীয় গণমাধ্যম সপ্তাহ”এর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করা হবে আগামীকাল ১২ এপ্রিল। দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র আয়োজনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করবেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিএমএসএফ'র কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একই দাবিতে স্মারকলিপি পেশ করবেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে-গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সাংবাদিকরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বিশাল জনগোষ্ঠীর অবদান এখনও যথাযথভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। প্রতি বছরের ন্যায় এ বছরও ১ থেকে ৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬”উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কাজের স্বীকৃতি নিশ্চিত হবে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে-সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষের সপ্তাহ বা দিবস রয়েছে যা খোদ রাষ্ট্র কর্তৃক উদযাপন করা হয়ে থাকে। কিন্তু সাংবাদিকদের নিয়ে এমন কোন উদ্যোগ রাষ্ট্রের নেই। অথচ নানা দিবস আর সপ্তাহের ভীড়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত গণমাধ্যম ও সাংবাদিকদের একটি জাতীয় সপ্তাহ থাকা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহব্যাপী এ আয়োজনে আমরা কথা বলবো পেশার নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। কথা বলবো পেশার মানুষের অধিকার, মর্যাদা ও দাবি নিয়ে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন রেখে স্মারকলিপিতে “১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে