ভোলার ৭ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের সততা স্টোর

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৫:০১ পিএম
ভোলার ৭ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের সততা স্টোর

দুর্নীতি দমন কমিশন (দুদক) ভোলার  সাতটি উপজেলায় দুটি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ টি সততা স্টোর স্থাপন করেছে। কোমলমতি  শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার মনোবল সৃষ্টি করার লক্ষ্যে এ সততা স্টোর চালু করা হয়েছে বলে দুদক জানিয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল দশটায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দুর্নীতি দমন কমিশনের আয়োজিত অনুষ্ঠানে সততা স্টোরের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে  আলোচনা করেন দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের উপসহকারী পরিচালক মোঃ আবুল কাশেম। তিনি বলেন, সততা স্টোর হচ্ছে  দোকানদার বিহীন অলাভজনক এমন একটি স্টোর যেখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহ বিভিন্ন পণ্য থাকবে। সততার সঙ্গে তারা স্টোর থেকে মালামাল ক্রয় করে মূল্য অনুযায়ী ক্যাশ বক্সে টাকা রেখে যাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে সততা সৃষ্টি হবে এবং নৈতিকতার মনোবল  বৃদ্ধি পাবে। সততায় বলিয়ান শিক্ষার্থীরাই সুন্দর ও স্বপ্নের দেশ গড়ার কারিগর হবে। সততা ও নৈতিকতায়  লালন এসব শিক্ষার্থীরাই দেশ-বিদেশে আগামী বাংলাদেশের সুনাম বয়ে আনবে। ফলে দুদকের উদ্দেশ্য সার্থক হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক। সততা স্টোর চালুর জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ২৫ হাজার করে টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে