ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ত্র লুট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ১১:১১ এএম
ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ত্র লুট

ভ্যান চালককে কুপিয়ে হত্যার তিনমাস যেতে না যেতেই একই এলাকায় তানভির হোসেন সিফাত (৩০) নামের বেঙ্গল বিস্কুট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে মারধর করে গুরুত্বর আহত করার পর নগদ অর্থ ছিনিয়ে নেয়া হয়েছে। স্থানীয়রা আহতকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকায়। আহত তানভির বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার বাসিন্দা। সে বেঙ্গল বিস্কুট কোম্পানির মাহিলাড়া এলাকার ডিলার স্বপন কুমার বেপারীর ডিএসআর পদে কর্মরত। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাত সাড়ে আটটার দিকে কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী বড় সরদারবাড়ি সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে গুরুত্বর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে ব্লেড দিয়ে কাটার চিহ্ন রয়েছে। কাঁপা কাঁপা স্বরে ওই যুবক জানিয়েছেন, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। ছিনতাইকারীরা তার সাথে টাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি জানা নেই। তবে এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত (১০ জানুয়ারি) দিবাগত রাতে একই এলাকায় বসে কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ভ্যান চালক মঞ্জু বেপারীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনার রহস্য এখনও উদঘাটন করতে পারেনি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।