চাঁদপুরে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ পিএম
চাঁদপুরে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। চলমান অভিযানের অংশ হিসাবে সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় বাজার তদারকির এ অভিযান পরিচালিত হয়। এসময় ভুয়া চিকিৎসা সেবা প্রদান, অননুমোদিতভাবে ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সংবাদমাধ্যমকে জানান, সবচেয়ে গুরুতর অনিয়ম ধরা পড়ে নিউ মা ফার্মেসিতে। সেখানে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে ফার্মেসিতে বসে রোগী দেখছিলেন। তিনি হাড়ভাঙা এক রোগীর প্লাস্টার করেন এবং বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন, যা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির ঘটনাও ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রোগীর কাছ থেকে প্লাস্টার ও ওষুধ বাবদ নেওয়া ২ হাজার ৭০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে রোগীকে দ্রুত সরকারি হাসপাতালে গিয়ে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া অভিযানে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একাধিক অনিয়মও ধরা পড়ে। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য প্রস্তুত করার দায়ে কাশ্মিরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মিষ্টিতে পোকা পাওয়া এবং যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় কৃষ্ট ক্যাফে মিষ্টির দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

আপনার জেলার সংবাদ পড়তে