সীতাকুণ্ড বিএনপির কঠোর বার্তা, অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২০ এএম
সীতাকুণ্ড বিএনপির কঠোর বার্তা, অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক পুনর্গঠনের ঘোষণা দিয়েছে সীতাকুণ্ড উপজেলা বিএনপি। একই সঙ্গে দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িত অনুপ্রবেশকারী ও সুবিধাবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। শনিবার ২৫ এপ্রিল বিকেল তিনটায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আর আর টেক্সটাইল মিল প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসমাবেশে কঠোর এ বার্তা দেওয়া হয়। সমাবেশটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়, যেখানে নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় নেতারা বলেন, সীতাকুণ্ড সংসদীয় আসনের এমপি ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ্ব অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ’র নির্দেশনা অনুযায়ী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিশেষ করে মাদকাসক্ত, ইয়াবা সেবনকারী কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই দলের কমিটিতে স্থান দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, বিগত সময়ে রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা ও জেল-জুলুমের শিকার ত্যাগী নেতাকর্মীদেরই আগামী কমিটি গঠনে অগ্রাধিকার দেওয়া হবে। রাজপথে পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীরাই আগামী দিনের নেতৃত্বে আসবেন। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন বলেন, যারা রাজপথে থেকে আন্দোলন করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তারাই দলের প্রকৃত শক্তি। তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সামনে নেতৃত্বে নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের স্বজনপ্রীতি, তদবির বা পেশিশক্তির মাধ্যমে পদ-পদবি লাভের সুযোগ থাকবে না। ৫ আগস্টের পর যারা হঠাৎ করে বিএনপির বড় নেতা সেজে উঠেছেন, তাদের চিহ্নিত করা হয়েছে এবং সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নেতারা জানান, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল বশর ভূঁইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ত্যাগ, আদর্শ ও শৃঙ্খলার ভিত্তিতেই একটি শক্তিশালী, সংগঠিত ও জনভিত্তিক বিএনপি গড়ে তোলা সম্ভব। সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সীতাকুণ্ডে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরো সুদৃঢ় করবে এবং তৃণমূল পর্যায়ে  নতুন গতিশীলতার সৃষ্টি করবে।

আপনার জেলার সংবাদ পড়তে