চাঁদপুরের কচুয়ায় ৫০০ বছরের পুরোনো পালগিরি মসজিদ রক্ষার দাবিতে চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন। আজ রোববার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো.এরশাদ উদ্দিনের কাছে এই স্বারকলিপি প্রদান করেন চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক আলম পলাশ ও সদস্য সচিব কাদের পলাশসহ অন্যান্য সদস্যরা ।
এতে বলা হয়,চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গৌহাট ইউনিয়নে ঐতিহাসিক "পালগিরি মসজিদ"টি অবস্থিত। এটি ৫০০ বছরের পুরানো জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা। মসজিদটি জেলার স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত। যা জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনায় স্থান পেয়েছে। বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কাঠামো বিনষ্ট করা হচ্ছে। এ মসজিদের ঐতিহ্য ও সৌন্দর্যহানি করে মসজিদের সামনেই স্থানীয় কিছু ব্যক্তির উদ্যোগে একটি অন্য একটি ভবন করার উদ্যোগ নেয়া হয়। এতে জেলা গুরুত্বপূর্ণ এ প্রত্নসম্পদের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এবং মসজিদটি প্রাচীন স্থাপত্যশৈলী ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যা দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
এ জন্য সরকারের কাছে পালগিরি মসজিদটিকে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। তবে এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল জানান,আমরা খবর পেয়ে সেখানে কাজ বন্ধ রেখেছি।