তারকা মানের হোটেলের

নকল ফেইসবুক খুলে পর্যটকদের সাথে প্রতারণা, আটক ১

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ১২:৪৭ এএম
নকল ফেইসবুক খুলে পর্যটকদের সাথে প্রতারণা, আটক ১

তারকা মানের হোটেলের নকল ফেইসবুক আইডি তৈরি করে পর্যটকদের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছে একটি চক্র। দীর্ঘদিন ধরে শক্তিশালী এই চক্রটি কক্সবাজারের বেশ কয়েকটি তারকা মানের নামকরা হোটেলের নকল ফেইসবুক আইডি খুলে এই কাজ চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় পর্যটকের কাছ থেকে টাকা লেনদেনের সময় এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে সী ক্রাউন হোটেল কর্তৃপক্ষ। রবিবার (৩ মে) সন্ধ্যায় সী ক্রাউন হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সী ক্রাউন হোটেলের জেনারেল ম্যানেজার ইকবাল মহসিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাদের হোটেলের নাম দিয়ে ওয়েবসাইট খুলে পর্যটকদের সাথে প্রতারণা করে আসছিল একটি চক্র। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় পর্যটকদের রুম বুকিং বাবদ এক লক্ষ টাকার লেনদেন করছিল শহরের এন্ডারসন রোডের অরুপ বড়ুয়া তপুর পুত্র অনুরুদ্ধ বড়ুয়া ওশান।

সন্দেহ মনে হওয়ায় ওই পর্যটক সী ক্রাউন হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাৎক্ষনিক হোটেল কর্তৃপক্ষ ওশানকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের কাছে সৌপর্দ করে। সী ক্রাউন হোটেলের জেনারেল ম্যানেজার ইকবাল মহসিন আরো বলেন, আমাদের হোটেলের নাম দিয়ে এর আগেও ফেইসবুক আইডি খুলে পর্যটকদের সাথে প্রতারণার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা ও ঢাকার ধানমন্ডি থানায় অভিযোগ দেয়া হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ছমিউদ্দিন মুঠোফোনে  জানান, পর্যটকদের সাথে প্রতারণার দায়ে এক যুবককে পুলিশের কাছে সৌপর্দ করেছে হোটেল সী ক্রাউন কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষ লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে