আগামী ১৬ মে ২০২৬ ইং শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে চাঁদপুর আসছেন। এ সময় তিনি চাঁদপুর জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করবেন। এর মধ্যে তিনি ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চাঁদপুরের শাহরাস্তি উয়ারুক এলাকায় খোদ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেবেন। প্রায় ৪৬ বছর পর বাবার স্মৃতিবিজড়িত সেই খালের পুনঃখনন কাজ উদ্বোধন করে তিনি চাঁদপুরের অন্যান্য কর্মসূচিতে অংশ নিবেন। চাঁদপুর সফরকে কেন্দ্র করে শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। তার আগমন উপলক্ষে পূর্বে নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন এনে প্রথমে উপজেলার কাকৈরতলা এলাকায় মেহের গোদা খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ৯ মে পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করে আগের স্থানেই ফিরে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক কর্মচঞ্চল হয়ে উঠেছে চাঁদপুর জেলা। শনিবার প্রধানমন্ত্রীর সফর কে ঘিরে নেতাকর্মীদের মাঝেও উৎসবের আহমেদ লক্ষ্য করা যাচ্ছে। বুধবার ১৩ মে সকালে শাহরাস্তি উয়ারুক এলাকায় খোদ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধনের স্থান পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক এমপি, চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক এমপি বলেন, এ খাল পুনঃখননের মাধ্যমে হাজীগঞ্জ শাহরাস্তির মানুষ উপকৃত হবে। শনিবার ১২টার দিকে প্রধানমন্ত্রী এ খালের পুনঃখননের উদ্বোধন করবেন। আশা করি প্রধানমন্ত্রী আরো কিছু কল্যানকর বার্তা দিবেন।
চাঁদপুর ৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ১৯৭৮ সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেন । সেই স্মৃতি বিজড়িত খালটি তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ ই মে এর পুনঃখননের উদ্বোধন করবেন।