অবৈধ পথে ভারত থেকে দেশে গরু আসা বন্ধে বাংলা হিলি সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিজিবি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
২০ মে বুধবার সকালে এ তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
তিনি সাংবাদিকদের জানান, হিলিসহ অন্যান্য সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের কোনো সুযোগ নেই। সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমান সময়ে ভারতে বিরাজমান অস্থিরতার বিষয়টি মাথায় রেখে সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার গ্রহণ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পাচার ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।