বাংলাদেশ রেলওয়ে-এর বৃহত্তম কারখানা হল নীলফামারীর সৈয়দপুর। আর সৈয়দপুর রেলওয়ে কারখানায় এখন নতুন উদ্যমে তৈরি করছে অতিরিক্ত যাত্রীবাহী কোচ। দেশের বিভিন্ন রুটে যাত্রীচাপ বাড়তে থাকায় রেলওয়ের কোচ সংকট মোকাবিলায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, পুরোনো কোচ সংস্কারের পাশাপাশি কারখানাটিতে নতুন কোচ তৈরির কাজও চলছে। বর্তমানে দক্ষ প্রকৌশলী ও কারিগরদের সমন্বয়ে কয়েকটি আধুনিক সুবিধাসম্পন্ন কোচ প্রস্তুত করা হচ্ছে। এসব কোচে উন্নত ব্রেকিং সিস্টেম, আরামদায়ক আসন এবং নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হচ্ছে। কারখানার কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও সাম্প্রতিক সময়ে যন্ত্রপাতি আধুনিকায়নের ফলে উৎপাদন সক্ষমতা বেড়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই অতিরিক্ত কোচ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে। নতুন কোচ নির্মাণ কার্যক্রমের কারণে কর্মসংস্থান বেড়েছে এবং স্থানীয় ব্যবসায়ও গতি এসেছে। কারখানাটিতে কাজের চাপ বাড়ায় অতিরিক্ত শ্রমিক নিয়োগের কথাও ভাবা হচ্ছে।
রেলওয়ের কর্মকর্তারা আরও জানান, যাত্রীসেবার মান উন্নয়নে ভবিষ্যতে আরও নতুন কোচ তৈরি এবং পুরোনো কোচ আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। এতে দেশের রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ে কারখানার শ্রমিক নেতা শফিকুল ইসলাম জানান,ঈদে ঘরমুখী মানুষের সুবিধার জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১২৭ টি নতুন বাড়তি কোচ তৈরি হচ্ছে। এগুলো দেশের বিভিন্ন রুটে মুল ট্রেনের সাথে সংযোজন করা হবে।