রংপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বুড়িরহাট এলাকায় রংপুর-টু-কাকিনা মহাসড়কের সংস্কারের কাজ পরিদর্শন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। বুধবার (২০ মে) বিকেল ৫টার দিকে তিনি বুড়িরহাট পয়েন্টে চলমান সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য সড়ক নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীদের কাছে কাজের ধীরগতির কারণ জানতে চান। তিনি বলেন, সড়ক নির্মাণকাজ দীর্ঘায়িত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে রংপুর থেকে লালমনিরহাটগামীসহ গঙ্গাচড়া অভিমুখী অসংখ্য যানবাহন চলাচল করে। ফলে কাজের ধীরগতির কারণে যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়ে বলেন, “জনগণের দুর্ভোগ কমাতে কাজের গতি আরও বাড়াতে হবে। বর্ষার আগেই যেন সড়কের মূল কাজ শেষ করা যায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “উন্নয়নের কাজ করতে গেলে সাময়িক কিছু ভোগান্তি হয়। তবে এই কষ্ট দীর্ঘস্থায়ী নয়। ধৈর্য ধরুন, খুব দ্রুতই আধুনিক ও টেকসই সড়ক জনগণের জন্য উন্মুক্ত করা হবে।” সড়ক নির্মাণকাজের দায়িত্বে থাকা এক প্রকৌশলী জানান, আবহাওয়া ও ভারী যানবাহন চলাচলের কারণে কিছুটা সময় বেশি লাগছে। তবে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম যুক্ত করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি শাহিনুর রহমান সোহেল, সেক্রেটারি জুবায়ের আহমেদ, পরশুরাম থানা পেশাজীবী বিভাগের সহ-সভাপতি শামসুর রহমান আজম, ৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি রাফসান জনি রাহীসহ স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, রংপুর-টু-কাকিনা মহাসড়ক উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি। সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক, পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বর্তমানে উন্নয়নকাজ চলমান থাকায় এলাকায় সাময়িক যানজট ও জনভোগান্তির সৃষ্টি হলেও কাজ শেষ হলে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা