নীলফামারীর সৈয়দপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৪, সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা,বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, তথ্যপ্রযুক্তি জ্ঞান এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পাঠদানের মান উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সকলকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সভা শেষে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।