সৈয়দপুরে কালবৈশাখী ঝড়ে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী): | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৬:৩৮ পিএম
সৈয়দপুরে কালবৈশাখী ঝড়ে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাতে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে অনেক ঘরের টিনের চালা উড়ে যায় এবং বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে। 

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের সময় আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার গ্রামীণ জনপদ। উঠতি বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন মৌসুমি ফসল মাটিতে লুটিয়ে পড়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেক কৃষক জানান, কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে গেছে। 

এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। 

কয়েকটি দোকানের টিনের চালা উড়ে গিয়ে সড়কে পড়ে থাকায় চলাচলেও বিঘ্ন ঘটে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। 

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে