কক্সবাজারে মোটরসাইকেলে তেল নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে পর্যটকদের সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন পর্যটক ও একজন স্থানীয় ব্যক্তি রয়েছেন। পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধেএ ঘটনায় হামলার অভিযোগ উঠেছে।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকরা জানান, রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন পর্যটক ওই ফিলিং স্টেশনে তেল নিতে যান। এসময় মোটরসাইকেলে নির্ধারিত পরিমাণের তুলনায় কম-বেশি তেল দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কর্মচারীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা বাগবিতণ্ডায় রূপ নেয়।
পর্যটকদের দাবি, পরে পাম্পের কয়েকজন কর্মচারী ও মালিকপক্ষের লোকজন একত্র হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন পর্যটক গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয় একজনও আহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।