লক্ষ্ণীপুরে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য আটক

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৪:৪০ পিএম
লক্ষ্ণীপুরে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য আটক

লক্ষ্ণীপুরের কমলনগর উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের মাটিন চৌধুরী বাজার এলাকায় অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক দুইজন হলেন কমলনগর উপজেলার বাসিন্দা মাকসুদ ও কোরবান আলী। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের হয়ে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের দাবি, অটোরিকশা চুরির সঙ্গে জড়িত পুরো চক্রকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চর মার্টিনসহ আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চালক ও মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। রাতের আঁধারে কিংবা ফাঁকা স্থানে রাখা অটোরিকশা হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন অনেক শ্রমজীবী মানুষ। অনেকেই ঋণ ও কিস্তিতে অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করতেন।গাড়ি হারিয়ে কেউ কেউ পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার বিকেলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনতা মাকসুদ ও কোরবান আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা চোর চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে দাবি করেন এলাকাবাসী। এ সময় চক্রের মূলহোতা হিসেবে ফারুক মিকার নাম উঠে আসে। তবে আটকের খবর পেয়ে তিনি পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন,“রাতে আমরা ঠিকমতো ঘুমাতে পারতাম না। কখন কার অটোরিকশা চুরি হয় সেই আতঙ্কে ছিল পুরো এলাকা। গরিব মানুষের একমাত্র আয়ের উৎস এই গাড়ি। চোরদের কারণে অনেক পরিবার পথে বসে গেছে।”

অটোরিকশা চালক জসিম উদ্দিন বলেন,কিস্তি তুলে গাড়ি কিনেছি। গাড়ি হারালে আমাদের বাঁচার উপায় থাকে না। অনেক চালক এখন ভয়ে রাতে গাড়ি বের করতে চান না। আমরা চাই, পুরো চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা হোক।” স্থানীয় গৃহিণী হোসনে আরা বেগম বলেন,এলাকার মানুষ একসঙ্গে প্রতিবাদ করায় আজ দুইজন ধরা পড়েছে। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, যাতে আর কোনো গরিব পরিবার নিঃস্ব না হয়।” এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদুল আলম বলেন,স্থানীয়রা দুইজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে