কুমিল্লায় অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় মার্শাল আর্ট (উসু) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লক্ষ্ণীপুর জেলা। প্রতিযোগিতায় লক্ষ্ণীপুরের পক্ষে বালক ও বালিকা-দুটি দল অংশ নেয়। বালক বিভাগে ইকতেখার মাহমুদ এবং বালিকা বিভাগে রুপসী সাহা রুপা কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেন। গত ২০ মে সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হওয়া এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, ফেনী, লক্ষ্ণীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।
স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন,শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।” তিনি কুমিল্লা স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত মাঠকে খেলাধুলার উপযোগী করার নির্দেশও দেন। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুব আলম চপল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল। প্রতিযোগিতা শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান বিজয়ীদের হাতে গোল্ড মেডেল ও সনদপত্র তুলে দেন।
এসময় লক্ষ্ণীপুর জেলা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান হায়দার রাশেদ উপস্থিত ছিলেন। লক্ষ্ণীপুর জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, এ অর্জন জেলার জন্য গৌরবের এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে।