লক্ষ্ণীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল জেলের

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০২:১৮ পিএম
লক্ষ্ণীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল জেলের

লক্ষ্ণীপুরের কমলনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে নুর ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ জেলে নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মাতাব্বরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জীবিকার তাগিদে সারাজীবন নদীতে মাছ ধরে সংসার চালানো এই বৃদ্ধের  দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার পরিবারের মাঝে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুর ইসলাম উপজেলার চর মার্টিন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জেলে পেশার সঙ্গে জড়িত ছিলেন। বয়সের ভারে নুয়ে পড়লেও পরিবারের জন্য সংগ্রাম থামাননি তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি ফেরার পথে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসছিলেন। পথে মাতাব্বরহাট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তিনি চলন্ত অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে সালাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা সারাজীবন কষ্ট করে আমাদের মানুষ করেছেন। সকালে বাড়ি ফিরবেন বলেই বের হয়েছিলেন। কিন্তু লাশ হয়ে ফিরবেন, এটা কখনো ভাবিনি। আমরা বাবার মৃত্যু মেনে নিতে পারছি না। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল ও নিরাপত্তাহীনতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। খবর পেয়ে কমলনগর থানার এসআই সাফায়াত হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে