সৈয়দপুরে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সম্মেলন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০১:৫২ পিএম
সৈয়দপুরে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সম্মেলন

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ ( আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা ও বাংলাদেশ  রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার ত্রিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সৈয়দপুর রেলওয়ে মুর্তজা ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোনায়মুল হক বিগত তিন বছরের সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরে প্রতিবেদন পেশ করেন। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির প্রধান উপদেষ্ঠা ও সাবেক সভাপতি প্রকৌশলী আজিজুল ইসলাম কমল। দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি 

বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ফকির। বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ তহিদুল ইসলাম ও চট্টগ্রাম শাখার সাধারণ  সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম । এছাড়াও ছিলেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। উভয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোনায়মুল হক।

এতে বক্তারা বলেন, দক্ষ প্রকৌশলী তৈরির পাশাপাশি রেলওয়ের আধুনিকায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংগঠনের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে প্রধান নির্বাচন কমিশনার বলরাম পাল এবং সহকারী নির্বাচন কমিশনার তারক বন্ধু বর্মা ও আব্দুল হান্নান সকলের সম্মতিক্রমে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। 

সাদেক হাসান চৌধুরী সভাপতি, মোঃ মোমিনুল ইসলাম সাধারণ সম্পাদক এবং আব্দুল খালেককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার কার্যনির্বাহী  কমিটির তালিকা ঘোষণা করা হয়। মোঃ  রুহুল আমিনকে সভাপতি ও মোঃ নিজামুল হককে  সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতদের নাম নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সদস্যদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং রেলওয়ের উন্নয়নে তারা আন্তরিকভাবে কাজ করবেন। শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। তাদের সফলতা কামনা করে  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে