হামের ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ২২ মে, ২০২৬, ০৪:৪৯ পিএম | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৪:৩০ পিএম
হামের ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

দেশে হাম রোগ ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিনিয়ত রোগটি মায়ের কোল খালি করছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন। মোট মৃত্যু ৪৯৯ জন।

আপনার জেলার সংবাদ পড়তে