এ কেমন শত্রুতা

রাতের আঁধারে প্রাণ গেলো আড়াই'শ ফলজ গাছের

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৬:২৮ পিএম
রাতের আঁধারে প্রাণ গেলো আড়াই'শ ফলজ গাছের
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের জমিতে রোপন করা পেঁপে, মাল্টা ও আনারস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে শত্রুতায় ২০ মে বুধবার দিবাগত রাতে প্রাণ গেলো আড়াই'শ ফলজ গাছের। উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিলজুড়াইল গ্রামের মজিবর রহমান ওরফে কালা চানের অনেক কষ্টে তৈরি করা ফলজ বাগানে এ জঘন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক মজিবুর রহমান কালা চান জানান, তার ইচ্ছা ছিল কৃষি উদ্যোক্তা হওয়ার। তাই তিনি কৃষিকে পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছিলেন। অন্যের জমি লিজ নিয়ে ২ বিঘা জমিতে মিশ্র ফলের একটি বড় খামার গড়ে তুলেন। এর মধ্যে পেঁপে, মাল্টা, আনার সহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। ক্ষতিগ্রস্ত মজিবুর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের অনেক ফলজ গাছ কেটে ফেলে। সকালে মাঠে গিয়ে দেখি ১'শ মাল্টা গাছ, ৫০ টি পেঁপে গাছ, ৫০টি আনারস ও ৪৫ টি রাম্বুটান চারা গাছের গোড়া থেকে কেটে ফেলে দিয়েছে। আমি ৭-৮ বছর যাবত বহু কষ্ট ও পরিশ্রম করে ১০ থেকে ১১ লাখ টাকা খরচ করে মিশ্র ফলের বাগান গড়ে তুলি। মাল্টা, পেঁপে ও আনারসের বাগান রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা কেটে ফেলে আমার বুক ভরা স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেয় বলে তিনি আক্ষেপ করেন। এতে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল আমার। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর রহমানের বাগান পরিদর্শন করেন। এসময় উপস্থিত সকলেই এরকম ন্যাক্কারজনক ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। তারা তাকে শান্তনা ও সাহস প্রদান করেন । তারা অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আপনার জেলার সংবাদ পড়তে