ইউক্রেনের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ২২ মে, ২০২৬, ০৫:১৫ পিএম | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৫:১৪ পিএম
ইউক্রেনের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন বাংলাদেশি যুবক সুরুজ কাজী (২৫)। তিনি রুশ সেনাদের একটি যুদ্ধরত ক্যাম্পে বাবুর্চি হিসেবে কাজ করতেন। নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে মাদারীপুরে নেমে এসেছে শোকের ছায়া। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

পরিবারসূত্র জানা গেছে, প্রায় নয় মাস আগে প্রতিবেশী এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় যান সুরুজ। সেখানে একটি কোম্পানিতে মাসিক প্রায় ৮০ হাজার টাকা বেতনে কাজ করতেন তিনি। পরে চলতি মাসে বেশি আয়ের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্ত হন। পরবর্তীতে তিনি যুদ্ধক্ষেত্রের একটি ক্যাম্পে বাবুর্চির কাজ করছিলেন। সেখানেই ইউক্রেনের মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয় বলে জানা গেছে। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী ফোনে তার পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেন। ঘটনার পর থেকে অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর ও তার সহযোগীরা পলাতক রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে