সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র্যাব-৯-এর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকালে নগরীর তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইমন আচার্যকে গুরুতর আহত অবস্থায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে উপস্থিত ছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। পুলিশকে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করতে দেখে ইমন আচার্যও তাকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারী তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।