সিলেটে ‘অধিকার’ এর মানববন্ধন

গুম মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, প্রতিরোধে আইন পাশের দাবি: সিরাজুল

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ২৩ মে, ২০২৬, ০৭:৪০ পিএম | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৭:৪০ পিএম
গুম মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, প্রতিরোধে আইন পাশের দাবি: সিরাজুল

সিলেটে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে সিলেট প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা গুমকে মানবাধিকারের সুস্পষ্ট ও চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান। মানববন্ধনে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, গুম একটি ভয়াবহ অপরাধ, যা মানুষের মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করে। এ ধরনের অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, গুমের শিকার হয়ে যেসব ব্যক্তি এখনো ফিরে আসেননি, তাদের পরিবার দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে জীবনযাপন করছে। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তারা অভিযোগ করেন, অতীত সরকারের শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের একটি ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তারা গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে গুম প্রতিরোধে একটি কার্যকর আইন দ্রুত জাতীয় সংসদে পাস করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকার সিলেট এইচআরডি’র আনাস হাবিব কলিন্স এবং সঞ্চালনা করেন ফায়যুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহকারী মঈনুল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, যুক্তরাজ্য বিএনপির নেতা মো. জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা। বক্তারা সবাই গুম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে