অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ ও প্রবীণ সমাজের সংলাপ

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ ও প্রবীণ সমাজের সংলাপ

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে ২১ ও ২২ মে শ্রীমঙ্গলে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ ও প্রবীণ সমাজের সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সংলাপভিত্তিক দুই দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবিরসহ প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর চৌধুরি সামিউল হক, গবেষণা কর্মকর্তা আবিদ হাসান এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হুসাইন মুহাম্মদ রাইয়ান অংশগ্রহণ করেন। ২১ মে আয়োজিত কর্মশালায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল বিষয় ছিল ফ্যাক্ট-চেকিং, তথ্য যাচাইয়ের কৌশল এবং অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য শনাক্তকরণ। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর গবেষণা কর্মকর্তা আবিদ হাসান। অংশগ্রহণকারীদের বিভিন্ন ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহার, রিভার্স ইমেজ সার্চ, তথ্যের উৎস যাচাই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

২২ মে অনুষ্ঠিত সংলাপ কর্মসূচিতে তরুণ ও প্রবীণ সমাজ আলোচনায় অংশ নেন। সংলাপে অনলাইন বিভ্রান্তিমূলক তথ্য, ঘৃণামূলক বক্তব্য এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে সামাজিক সমপ্রীতি বজায় রাখা, প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাদের তথ্য বিশ্লেষণ ও যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে তারা নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও শান্তিপূর্ণ ডিজিটাল সমাজ গঠনে ভূমিকা রাখতে আগ্রহী।

আপনার জেলার সংবাদ পড়তে