সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে ছাদের ওপর ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) শহরের ষোলঘর এলাকার একটি ভবনের ছাদে এ মানববন্ধনের আয়োজন করে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন ও বিডব্লিউজিএডি।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকি বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব করেছে, যা সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
বক্তারা আরও বলেন, এ পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে রুফটপ সোলার হতে পারে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান। কিন্তু উচ্চ আমদানি শুল্ক ও করের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবার সোলার প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হলেও তা বাস্তবায়ন করতে পারছেন না।
তারা অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সব যন্ত্রাংশের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা, কর অবকাশ ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভবনসমূহের ছাদের সম্ভাবনা তুলে ধরতেই এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। মানববন্ধনে বক্তব্য দেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি নুরুল হাসান আতাহের, সম্পাদক এ কে কুদরত পাশা, প্রভাষক ফজলুল করিম সাঈদ, তৃষ্ণা আক্তার রুশনা, আমিনুল হক, রিনা বেগম, কর্ণ বাবু দাস, তুর্য দাস ও ইমরান হোসেন প্রমুখ।