“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”শ্লোগানকে সামনে রেখে শিশু রামিসা হত্যার বিচারসহ কন্যাশিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পলাশ বাজারে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন। বিশ্বম্ভরপুর পিএফজির সদস্য ফুল মিয়ার সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী ফুলমালার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসা হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের অপরাধ দমনে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তারা বলেন, দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী। নারী ও কন্যাশিশুদের ঝুঁকির মধ্যে রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়। মানববন্ধনে অংশ নেওয়া নারী নেত্রীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা দেশের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
সভায় বক্তারা পিএফজির কার্যক্রম তুলে ধরে বলেন, সংগঠনটি একটি অসম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের, সিনিয়র সাংভাদিক আল-হেলাল, দৈনিক ইনকিলাব সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, পলাশ ইউনিয়ন পরিষদের সদস্য অর্চণা দেবী, পিএফজির সিরাজুল ইসলাম মাষ্টার, মিনাজ পরভীন, রাবিয়া আক্তার, কুলসুমা বেগম, ঊর্মিলা আক্তার, ওয়াইপিএজির তোহা মনি, আছমা আক্তার প্রমূখ।