বাঞ্ছারামপুরে মাসিক উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (নাছির উদ্দিন দুলাল; বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ১১ জুন, ২০২৬, ০৫:১০ পিএম | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৫:১০ পিএম
বাঞ্ছারামপুরে মাসিক উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসিক উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাঞ্ছারামপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, অবৈধ বালু উত্তোলন রোধ, বাজার ব্যবস্থাপনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং চলমান বিভিন্ন সমস্যা ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন। উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।” সভায় জনস্বার্থে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে