চাঞ্চল্যকর কিশোর রায়হান (১৪) হত্যা মামলার আসামীদের দ্রূত গ্রেফতার ও বিচারের দাবীতে সরাইলে মানববন্ধন/বিক্ষোভ মিছিল করেছেন পরিবার আর স্বজনরা। গতকাল বুধবার দুপুরের দিকে সরাইল সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন করেছেন। পরে নারী পুরূষের অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের কাছে দ্রূত আইনি সহায়তার দাবীতে একটি স্বারকলিপি দিয়েছেন।
সূত্র জানায়, গত ৩০ মে রাতে মাদক ক্রয়-বিক্রয় ও লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে সরাইল সদরের সৈয়দটুলা উত্তর পাড়ায় দুই পক্ষের সংঘর্ষে খুন হয় কিশোর রায়হান (১৪)। রায়হান একই গ্রামের প্রয়াত তকদির হোসেন প্রকাশ ছোটন মিয়ার ছেলে। এ ঘটনায় রায়হানের মা বাদী হয়ে ৩১ জনকে আসামী করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মানববন্ধনে অংশ গ্রহণকারী নিহতের পরিবার ও স্বজনরা বলেন, ঘটনার পর ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। আসামীদের কেউ কেউ প্রকাশ্যে ঘুরাফেরা করছে। উল্টো তারা বাদী পক্ষের লোকজনের বিরূদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এতে রায়হানের পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। রায়হানের খুনীদের বিচার না হলে ভবিষ্যতে এই ধরণের অপরাধ বৃদ্ধি পাবে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রূত ব্যবস্থা নেয়ার অনুরোধ করে বলেন, আসামীদের দ্রূত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করূন। সবশেষে তারা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ বরাবর এ বিষয়ে আইনি সহায়তা চেয়ে একটি স্বারকলিপি প্রদান করেন।