গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৫:২৮ পিএম
গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী

পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠী ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। পরে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের গুরুত্ব, বিচার কার্যক্রম এবং স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এতে শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সভাপতিত্বে এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময়ে আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে জেলা আদালত বা থানার পরিবর্তে গ্রাম আদালতের মাধ্যমে সহজ ও দ্রুত আইনি সেবা গ্রহণের জন্য তারা সবাইকে উদ্বুদ্ধ করেন।

ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে