সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-কে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুযায়ী রেজাউল হাসান লোদীকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে। রেজাউল হাসান লোদী সিলেট সিটি করপোরেশনের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, সিলেট মহানগরী ও এর আশপাশের এলাকাকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা, পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোতে আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’ পাস হয়। এর ধারাবাহিকতায় কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।