দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষ ও সাধারণ পথচারীদের স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রিকশাচালক, দিনমজুর ও সাধারণ পথচারীদের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়। একই সঙ্গে হিট স্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময় তিনি বলেন, বর্তমান তীব্র তাপদাহে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ ও পথচারীরা। যুব রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি এভাবে অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে। একই সঙ্গে সবাইকে পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই। কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা তৌহিদুল ইসলাম বলেন, তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের একঝাঁক স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে ছাতা ও হাতপাখা বিতরণ কর্মজীবী মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।