পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা এবং সুশাসনের চর্চা জোরদার করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলার আয়োজনে এবং আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে মঙ্গলবার (১৮ জুন) সকালে পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলার উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠিত ওই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতেই দুর্নীতির কুফল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিকভাবে নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করে গড়ে তুলতে পারলেই সুশাসন ভিত্তিক উন্নত রাষ্ট্র নির্মাণ করা সম্ভব। আলোচনা শেষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দ্বায়িত্বে ছিলেন একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী-রাজা। শিক্ষার্থীরা দুর্নীতির কারণ ও এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি বক্তব্য উপস্থাপন করেন। পরে বিজয়ী দল মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও রানারআপ দল বারআউলিয়া উচ্চ বিদ্যালয় সহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।