ভূরুঙ্গামারীতে আসহাবুস সুফ্ফা ফাউন্ডেশনের কুরআন বিতরণ

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ২০ জুন, ২০২৬, ১১:২২ এএম | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ১১:২২ এএম
ভূরুঙ্গামারীতে আসহাবুস সুফ্ফা ফাউন্ডেশনের কুরআন বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসহাবুস সুফ্ফা ফাউন্ডেশনের কুরআন বিতরণ, ছবক প্রদান, বৃক্ষ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ কাজি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মনিরুজ্জামান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বিশিষ্ট ব‍্যবসায়ী মোখলেছুর রহমান মুকুল, ফাউন্ডেশনের সেক্রেটারি সালমান বিন মুস্তাক প্রমুখ বক্তব্য প্রদান করেন। বিভিন্ন মক্তবের ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের পরিচালা পরষদসহ স্বেচ্ছাসেবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে কুরআন বিতরণ ও ছবক প্রদান করা হয়। কুরআনের সবক প্রদান করেন শায়খুল হাদিস আলহাজ মাওলানা মুফতি জিয়াউল হক। অনুষ্ঠানে কোরআনের ছবক গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন মাজীদ, বিভিন্ন ফলদ ও ওষুধি গাছের চারা, রেহাল, স্কুল ব‍্যাগ ও ফাইল বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, সুন্দর সুশৃঙ্খল, শান্তিপূর্ণ একটি আদর্শ সমাজ গঠনে সুশিক্ষার প্রয়োজন। আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা অর্জন করা যায়। শিশু কাল থেকে নৈতিকতা ও শিষ্টাচারের শিক্ষা দিতে হবে তাহলে তারা দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে। এছাড়াও সামাজিক উন্নয়নের কাজে সমাজের সচেতন বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উল্লেখ্য যে, আসহাবুস সুফ্ফা ফাউন্ডেশন উপজেলার প্রতিটি ইউনিয়নে নিজস্ব অর্থায়নে মক্তব পরিচালনা করে আসছে। মানবতার সেবায় নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেী সামাজিক সংগঠন। সংগঠনটি অনগ্রসর অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কুরআন ও ইসলামী শিক্ষার জন‍্য মক্তব প্রতিষ্ঠাসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে