সুজানগরে পদ্মা নদী থেকে

চায়না দুয়ারি জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৪:১৩ পিএম
চায়না দুয়ারি জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন

পাবনার সুজানগরের পদ্মা নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে অসাধু মৎস্যজীবীরা ওই মাছ নিধন করছে।

পদ্মাপাড়ের নারুহাটি গ্রামের বাসিন্দা খলিলুর রহমান জানান, চলতি মৌসুমে বর্ষার পানির সাথে পদ্মা নদীর সাতবাড়ীয়া, সিংহনগর, নারুহাটি, গোয়ারিয়া, কামারহাট এবং নিশ্চিন্তপুর এলাকায় প্রচুর পরিমাণে বান, চিংড়ি, বেলে, বোয়াল, পাঙাস, পাবদা এবং রায়েকসহ বিভিন্ন প্রজাতির মা এবং পোনা মাছ আসছে। আর এ সুযোগে এলাকার কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে ওই মাছ নিধন করছে। উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন কতিপয় অসাধু মৎস্যজীবী নদীতে বর্ষার নতুন পানি আসা মাত্র প্রকাশ্যে স্থানীয় হাট-বাজার থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কিনে আনেন। এর পর তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই জাল দিয়ে পদ্মা নদী থেকে অবাধে মা ও পোনা মাছ নিধন করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন পদ্মা নদী থেকে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করার বিষয় আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট মৎস্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে