ঋষিঘাট গঙ্গাস্নান ও বারুণী মেলায় ভক্তদের ঢল

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১২:৫০ পিএম
ঋষিঘাট গঙ্গাস্নান ও বারুণী মেলায় ভক্তদের ঢল

পূজা-অর্চনা, কীর্তন ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) ভোর থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা ঋষিঘাটে সমবেত হন। ভোর থেকেই ভক্তরা নদীতে পবিত্র স্নান সম্পন্ন করেন এবং পরে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।মেলা প্রাঙ্গণজুড়ে বসে হস্তশিল্প, খেলনা, মিষ্টি ও বিভিন্ন খাবারের দোকান। ফলে ধর্মীয় পরিবেশের পাশাপাশি এটি একটি প্রাণবন্ত সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়। মেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি পুণ্যার্থীদের জন্য চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়।

মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। মেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার ও সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার বিধান জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের মতে, শতবর্ষী এই বারুণী মেলা এ অঞ্চলের ঐতিহ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের প্রতীক। প্রতিবছর সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণ এই মিলনমেলাকে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করে।

আপনার জেলার সংবাদ পড়তে