অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে চালনা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২৯ কোটি ২৮ লাখ ১১ হাজার ৬৩২ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম পৌরসভার ২২তম এ বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে ২৯ লাখ ৯২ হাজার ৬৩২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। ঘোষিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ১২ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮২ লাখ ৯৯ হাজার টাকা। এ ছাড়া এডিপি উন্নয়ন ও প্রকল্প উন্নয়ন বাবদ ২৭ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা বাজেট ধরা হয়েছে। বাজেটে বৃক্ষরোপন, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, মাদক প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষা,ম্বাস্থ্য, বিনোদন, তথ্যপ্রযুক্তির প্রসর, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, ড্রেন ও সড়ক নির্মাণ-সংস্কার, শহর অবকাঠামো উন্নয়ন, পৌর মার্কেট, বাসস্টান্ড নির্মাণ, পরিচ্ছন্ন কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌর প্রশাসক মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সোনা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চালনা বাজার সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার ও দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন। দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, সাবেক কাউন্সিলর রোস্তম আলী খান, বিএনপি নেতা এস এম গোলাম কাদের, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব জি এম রুমন, সাংবাদিক আজিজুর রহমান, এনজিও প্রতিনিধি জাহিদুর রহমান ও শহিদুল ইসলাম উন্মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে আসন্ন চালনা পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মোঃ কামরুল ইসলাম শেখ, এনসিপির সাম্ভব্য মেয়র প্রার্থী এম এ রশিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক কাউন্সিলর, সুশীল সমাজ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চালনা পৌরসভার মোঃ রুহুল আমিন।