রাজশাহীর মোহনপুর উপজেলায় রাস্তা পার হওয়ায় সময় ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার সাঁকোয়া মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সাঁকোয়া গ্রামের মৃত রব্বান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সালাম সাঁকোয়া মোড়ে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবারের লোকজন থানায় এসেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।