নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: এমপি মোশাররফ

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৬, ০৫:৩৮ পিএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৫:৩৮ পিএম
নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন করা স্বনির্ভর খালের পুনর্খনন শেষে দুই পাড়ে বৃক্ষ রোপনের উদ্বোধন করলেন এবিএম মোশাররফ হোসেন এমপি। খালের দুই পাড়ে এক হাজার ৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং খালকেন্দ্রিক পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে রবিবার বেলা ১১টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, ‘নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খাল পুনঃখননের পর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণের মাধ্যমে কলাপাড়ায় এ কর্মসূচির সূচনা হলো।’

তিনি বলেন, ‘কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে আরও খাল খনন করা হবে। একই সঙ্গে ব্যাপক বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোসেদুল আলম জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়া সফরকালে ৮০ দশকে স্বনির্ভর খাল নিজ হাতে খনন করেছিলেন। পরবর্তীতে এবছর জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকার খালটি পুনর্খননের উদ্যোগ নেয়। প্রথম পর্যায়ে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের এক হাজার ৪৫০ মিটার অংশ পুনর্খনন সম্পন্ন হয়েছে। পুনর্খনন করা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির এক হাজার ৬০০ গাছ রোপণের মাধ্যমে খালপাড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে