মুলাদীতে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৬:০৩ পিএম
মুলাদীতে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছেন স্বজনেরা। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় নয় কিলোমিটার দূরে উপজেলার আড়িয়াল খাঁ নদীর নন্দীর বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার দুপুর একটার দিকে চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্ণীপুর লঞ্চঘাট এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। জামিলা (১৪) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। তিনি ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে দক্ষিণ লক্ষ্ণীপুর গ্রামে তার নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয় বাসিন্দা রাসেদ খান জানান, শুক্রবার দুপুরে জামিলা ও জান্নাত নদীতে গোসল করতে যায়। তারা সাঁতার না জানায় নদীর পাড়ের অল্প পানিতে নেমেছিল। হঠাৎ পা পিছলে জামিলা নদীতে ডুবে যায়। এ সময় জান্নাত চিৎকার করে এবং বড় বোনকে বাঁচাতে তার চুল ধরে টেনে তোলার চেষ্টা করলে দুই বোনই পানিতে তলিয়ে যেতে থাকে। চিৎকার শুনে পাড়ে থাকা এক পথচারী নদী থেকে জান্নাতকে উদ্ধার করলেও জামিলা নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং মুলাদী ফায়ার সার্ভিসে খবর দেন। স্কুল ছাত্রীর খালাতো ভাই মো. আসাদুল্লাহ জানান, শুক্রবার দুপুরে জামিলা নদীতে নিখোঁজ হওয়ার পর স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে খুঁজতে নদীতে অভিযান শুরু করেন। শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে গেলে স্বজনেরা মাইকিং এবং ট্রলার নিয়ে নদীতে খোঁজ চালাতে থাকেন। রবিবার সকালে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকরা নন্দীরবাজার এলাকায় লাশ ভাসতে দেখে বিষয়টি তাদের জানান। পরে সেখানে গিয়ে জামিলাকে শনাক্ত করে লাশ উদ্ধার করা হয়। মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে