পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে রহিম মাঝির জালে ধরা পড়ে প্রায় ৮ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে মাছটিকে জেলেরা 'লম্বু পোয়া' নামে চেনেন। এটি কালো পোয়া' নামেও ব্যাপকভাবে পরিচিত এই মাছটি। রবিবার সকালে আলীপুর মৎস্য বন্দরে নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে রহিম মাঝির জালে অন্যান্য মাছে সঙ্গে কালো পোয়া মাছটি পায়। মূল্যবান মাছটি পেয়ে রহিম মাঝি উৎফুল্ল হয়ে পড়েন। রবিবার সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরে নেয়া হয়। মাছটি খোলা ডাকে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা আড়াই লাখ টাকা মণ দরে (কেজি ৬২৫০ টাকায়) ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে রহিম মাঝি জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে সাগরে গিয়ে দামী মাছটি পেয়েছেন। এতে তিনি খুবই উচ্ছ্বসিত রয়েছেন। মাছটির ক্রেতা মো. মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রফতানি করেন। কালো পোয়ার সুইম ব্লাডার (মাছের বালিশ) মূল্য অনেক বেশি হওয়ায় এর বাজারদরও বহুগুণ বেশি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন ৪ কেজি থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। এই মাছকে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন জেলেরা। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যমানের মাছ ধরা পড়া ইতিবাচক খবর।