খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম
খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩
ছবি, সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পাঁচ যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এক পর্যায়ে, তাদের মধ্যে তিনজনকে গুলি করে হত্যা করা হয় এবং বাকি দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে জানায়, তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি অনুযায়ী, নিহতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের (সন্তু গ্রুপ) সশস্ত্র দলের সদস্য ছিলেন এবং সংগঠন থেকে পালানোর চেষ্টাকালে এই ঘটনার সূত্রপাত হয়।

উল্লেখ্য, বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে