সৈয়দপুরে এবার মেলা বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৪:২৬ পিএম
সৈয়দপুরে এবার মেলা বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি

নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ ও কুটির শিল্প মেলার নামে লটারি পরিচালনা এবং অশালীন নৃত্যের আয়োজনসহ মেলা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে সচেতন জনতার একটি প্রতিনিধিদল। সোমবার ৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেলার নামে প্রতিদিন লটারির টিকিট বিক্রি ও অশালীন নৃত্যের আয়োজনের কারণে স্থানীয় তরুণ-যুবসমাজ নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে। পরিবার নিয়ে মেলায় যেতে অস্বস্তিতে পড়ছেন সাধারণ দর্শনার্থীরা। এতে সামাজিক মূল্যবোধ ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, গ্রামীণ ও কুটির শিল্প মেলার মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশীয় শিল্প, সংস্কৃতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিকাশ। কিন্তু সেই উদ্দেশ্যকে আড়াল করে লটারি ও অশালীন বিনোদনের আয়োজন করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা দ্রুত এসব কার্যক্রম বন্ধ করে মেলাকে পারিবারিক ও সুস্থ বিনোদনকেন্দ্র হিসেবে পরিচালনার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে, সচেতন মহল মনে করছে, প্রশাসনের কার্যকর নজরদারি থাকলে মেলার পরিবেশ আরও সুশৃঙ্খল ও পারিবারিক হবে এবং প্রকৃত অর্থেই দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশে মেলা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। মাসব্যাপী ওই মেলায় প্রথমের দিকে লটারী না থাকলেও পরবর্তীতে যোগ করা হয় লটারী। মেলার লটারী বন্ধে বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলেও কোন ব্যবস্থা নেননি জেলা প্রশাসক। এবার সচেতন জনতা ৪৮ ঘন্টার মধ্যে মেলা বন্ধের সময় দিয়ে স্বারকলিপি দিয়েছে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

আপনার জেলার সংবাদ পড়তে