বিরলের কর্দমাক্ত চলাচল অনুপযোগী সড়ক সংস্কারে জনমনে স্বস্তি

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৭:০৪ পিএম
বিরলের কর্দমাক্ত চলাচল অনুপযোগী সড়ক সংস্কারে জনমনে স্বস্তি

বিরলের টানা বৃষ্টিতে কর্দমাক্ত চলাচল অনুপযোগী সড়কে ইট দিয়ে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করায় জনমনে স্বস্তি ফিরেছে। যে সড়কে ২৪ ঘন্টা আগেও যেতে নিদারুণ কষ্ট ও শংকা ছিল সেই সড়কে ফিরেছে দারুণ আস্থা ও প্রশান্তি। 

হ্যাঁ বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপির মোড় হতে দ্বীপনগর সড়কে অব্যাহত বৃষ্টির পানিতে সাধারণ জনগণের চলাচলের ব্যাপক সমস্যার সৃষ্টি হওয়ায় গত ০৯ জুলাই বৃহস্পতিবার বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মূখে কষ্টের কথা তুলে ধরে সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছিলেন এলাকাবাসী। আর এ দাবি মহান জাতীয় সংসদে অধিবেশন চলা স্বত্ত্বেও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর দৃষ্টিগোচর হওয়া মাত্রই তাৎক্ষণিক সংষ্কারের নির্দেশনা পেয়ে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মাধ্যমে কর্দমাক্ত সড়কে পাকা ইটের টুকরো দিয়ে এর সাথে বালু দিয়ে ভাইব্রেশন রোলিং এর মাধ্যমে সড়কটি চলাচল উপযোগী করে তোলা হয়েছে। ১১ জুলাই শনিবার সড়কটিতে স্থানীয় সংবাদকর্মীগণ পৌঁছলে এলাবাসী স্বস্তি প্রকাশ করে জাতীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য এ সড়কে দ্বীপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষার্থীকে পড়ালেখার জন্য নিয়মিত যাতায়াত করতে হয়। গ্রামের বাসিন্দাদের অসুস্থতায় রোগী পরিবহণ করতে হয়। এখানকার উৎপাদিত ফসল বাজারজাত করতে ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় নিয়মিত যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। বিরল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান জানান, সড়কটি টিআর বরাদ্দ হতে প্রাথমিকভাবে চলাচল উপযোগী করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে