কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজারের ভেতরে প্রবেশের প্রায় ২৫০ মিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই পুরো সড়কজুড়ে জলাবদ্ধতা আর কাদাপানিতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। এছাড়াও এই সড়কটি দিয় প্রতিনিয়ত যাতায়াত করেন দূর দূরান্ত থেকে কচাকাটা হাটে আসা হাজারও মানুষ। স্থানীয়রা জানান প্রতিনিয়ত এই পথে চলাচল করে রিকশা, অটোরিকশা, মালবাহী ট্রাক, সসিমন, করিমনসহ নানা যানবাহন। বাজারের ভেতর দিয়ে সড়ক হওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষ। গর্ত আর কাদাপানিতে ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। বিশেষ করে বেড়েছে স্কুল কলেজ ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি নাজুক অবস্থায় পড়ে থাকলেও সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি কর্তৃপক্ষ।
কচাকাটা বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান মোস্তাফিজুর রহমানসহ অনেকে জানান, দোকানের সামনে সড়কের অবস্থা খারাপ হওয়ায় কমেছে ক্রেতাদের আনাগোনা। ফলে বিক্রি কমে গিয়ে চরম লোকসানে ব্যবসায়ীরা। কচাকাটার গাবতলি থেকে বাজার করতে আসা পথচারী জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন জানান এই রাস্তা দিয়ে মোটরবাইক কিংবা কোনো বাহনে তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা দুরূহ। কাদাপানিতে চলতে গিয়ে অসংখ্য মানুষ দুর্ঘটনার শিকার হয়ে আহত হন। শিক্ষার্থী শিউলি খাতুন, আলমগীর হোসেন জানান, এই রাস্তা দিয়েই তারা প্রতিনয়িত বিদ্যালয়ে যাতায়াত করেন। বিকল্প কোনো রাস্তা দিয়ে গেলে অনেক দূর ঘুরে যেতে হয়। ফলে সময়ের অপচয় হয়। এছাড়াও এই রাস্তায় চলাচলে অনেক সময় পড়ে গিয়ে বই খাতা ও পোশাক ভিজে কাদা লেগে যায় তাদের। ফলে স্কুলে যাওয়ার পথ থেকেই ফিরে আসতে হয় তাদের। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কারের দাবি জানান তারা। এ বিষয়ে কথা বলতে উপজেলা প্রকৌশলী (অ.দা) মামুনুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।