কাতারের সাবেক আমিরের মৃত্যু, জামায়াত আমিরের শোক প্রকাশ

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ০৩:১৩ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৩:১৩ পিএম
কাতারের সাবেক আমিরের মৃত্যু, জামায়াত আমিরের শোক প্রকাশ

আধুনিক কাতারের রূপকার সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি আজ রোববার দুপুরে এক শোকবার্তায় বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর এক দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার গতিশীল নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত ও আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১৩ সালে তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, তার ইন্তেকালে বিশ্ববাসী এবং বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান ও দরদি অভিভাবককে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং এ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান অনস্বীকার্য। আমরা বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। 

বিরোধী দলীয় নেতা আরও উল্লেখ করেন, “আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য দোয়া করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।”

আপনার জেলার সংবাদ পড়তে