হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৯

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৩ জুলাই, ২০২৬, ০৪:৩৬ পিএম | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৪:৩৬ পিএম
হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৯

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৯ শিশু। এর মধ্যে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, আর ৮৯৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় যে শিশুর মৃত্যু হয়েছে, তার শরীরে হামের উপসর্গ ছিল। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬৫ শিশু। একই সময়ে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ৯৪ শিশু। সব মিলিয়ে এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গে মোট ৭৫৯ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৭৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬১৩ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫ হাজার ১৯৬ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৪৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে